ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল। রোহিত শর্মার ভারত চলতি বিশ্বকাপের সেরা দল, অস্ট্রেলিয়া বিশ্বকাপ ইতিহাসেরই সেরা। লড়াইটা হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ভারত যতই এই আসরে ধারাবাহিক হোক না কেন, ফাইনালে অস্ট্রেলিয়াকে হারানো বেশ কঠিনই।

ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না অবশ্য বলছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে ভারত অনেক এগিয়ে। ভারতের হয়ে ২০১১ বিশ্বকাপ জেতা এই ক্রিকেটার কেন রোহিত শর্মার দলকে এগিয়ে রাখছেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন। কোহলি-রোহিতদের দিয়েছেন অস্ট্রেলিয়াকে হারানোর টোটকাও।

আরও পড়ুন

প্রত্যাশার চাপ কাটাতে যা করেন রোহিত শর্মা

প্রত্যাশার চাপ কাটাতে যা করেন রোহিত শর্মা

২০১১ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ২৮ বলে ৩৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন রায়না। দলকে তুলেছিলেন সেমিফাইনালে। ভারতের একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে রায়না বলেছেন, ‘আমার মতে, ভারত অনেক এগিয়ে। ব্যাটিং বিভাগের দিকে যদি তাকাই, প্রায় সব ব্যাটসম্যানরেই শতক আছে। খেলোয়াড়েরা ৪০০, ৫০০ করে রান করেছে। বিরাটের (কোহলি) তো ৭০০ রানের বেশি আছে, বোলাররা আছে ছন্দে। মনে হয় সূর্যকুমার এই ম্যাচে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এই ধরনের উইকেট ও পছন্দ করে। আইপিএলে আহমেদাবাদে ও খুব ভালোও করেছে। দেখা যাক।’

আহমেদাবাদের পিচ পর্যবেক্ষণ করছেন রোহিত
আহমেদাবাদের পিচ পর্যবেক্ষণ করছেন রোহিত
ছবি: এএফপি

এই বিশ্বকাপে রোহিত শর্মা আছেন দুর্দান্ত ছন্দে। রান করেছেন ৫৫০। তবে মোট রান নয়, আলোচনায় রোহিতের খেলার ধরন। এই বিশ্বকাপে পাওয়ারপ্লেতে ভারত রান তুলেছে ১০৯ স্ট্রাইক রেটে, যা বিশ্বকাপে সর্বোচ্চ। বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা ১০ ম্যাচের ৫টিতেই প্রথম ১০ ওভারে ৭৫ বা এর চেয়ে বেশি রান তুলেছে ভারত। ২০১৯ বিশ্বকাপে যেখানে এক ম্যাচেও ৭০ রানের কোটা ছুঁতে পারেনি তারা। এসব রোহিতের কল্যাণেই।