By using this site, you agree to our Privacy Policy.
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ফাইল ছবি: বাসস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর মধ্য দিয়ে দলটির মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হলো। দলটি শুরু করল তাদের নির্বাচনী যাত্রা।

প্রধানমন্ত্রীর পক্ষে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদ আলী খান ও সাধারণ সম্পাদক বি এম শাহাবুদ্দিন আজম নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ভিড়। আজ শনিবার সকালে সেখানে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়েছে
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ভিড়। আজ শনিবার সকালে সেখানে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়েছে
ছবি: প্রথম আলো

পূর্বঘোষণা অনুযায়ী আজ সকাল ১০টা থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রির কথা ছিল আওয়ামী লীগের। প্রধানমন্ত্রী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করার পর দেশের বিভিন্ন অঞ্চল থেকে মনোনয়নপ্রত্যাশীরা মনোনয়ন ফরম সংগ্রহ করছেন।

বেলা সোয়া ১১টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত সরেজমিন দেখা যায়, মনোনয়নপ্রত্যাশীরা শত শত নেতা–কর্মী সঙ্গে নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসছেন। এরপর দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। মনোনয়ন ফরম সংগ্রহের পর আগত নেতা-কর্মীদের নৌকা প্রতীকের নামে স্লোগান দিতে দেখা গেছে।